বিভিন্ন দেশে ৫০টিরও বেশি মেলায় অংশ নেয়ার পরিকল্পনা করেছে ইপিবি

চট্টগ্রামে সেমিনারে হাসান আরিফ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইসচেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেছেন, বিদেশি মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ইপিবি সাধারণ রপ্তানিকারকদের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত আর্থিক ভর্তুকি দিয়ে থাকে। গতকাল নগরীর আগ্রাবাদ হোটেলের কর্ণফুলী সম্মেলন কক্ষে আয়োজিত ইপেক্টিভ পার্টিসিপেশন ইন দ্যা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার’স: ডকুমেন্টেশন অ্যান্ড রিলেটেড ইস্যুস’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান আরো বলেন, বিদেশি মেলায় সফল হতে হলে প্রতিষ্ঠানগুলোকে যেমন পূর্ণ প্রস্তুতি নিতে হবে। তেমনি যে দেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই দেশের কৃষ্টি ও কালচার সম্পর্কেও সম্যক জ্ঞান থাকতে হবে। আগামী অর্থবছরে ইপিবি বিশ্বের বিভিন্ন দেশে ৫০টিরও বেশি মেলায় অংশগ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া ঢাকার সাফল্যের ধারাবাহিকতায় চট্টগ্রামেও ‘গ্লোবাল সোর্সিং ফেয়ার’ আয়োজনের পরিকল্পনা ইপিবির রয়েছে।

মোহাম্মদ হাসান আরিফ বলেন, তৈরি পোশাক শিল্পের উপর একক নির্ভরতা কমিয়ে অন্যান্য দেশীয় পণ্যের জন্য নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে হবে। আমি বান্দরবানের লামায় ফলের বাগানে পরিদর্শন করেছি। এই ফল রপ্তানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করার সুযোগ আছে। এটি কিন্তু পুরোটাই দেশজ উৎপাদন। উদ্যোক্তাদের রপ্তানি বাণিজ্যে আরো বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে প্রচারণার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হচ্ছে। সভাপতির বক্তব্যে উইম্যান চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা বলেন, নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের পথ সুগম করাই এই সেমিনারের মূল লক্ষ্য। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এই সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশের নারী উদ্যোক্তাদের বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভিয়েতনামের অনারারি কনসাল এবং বিজিএমইএ’র সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. আবু তৈয়ব এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক বেবী রাণী কর্মকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (নীতি) আবু মোখলেছ আলমগীর হোসেন। সেমিনারে উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলী আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং এর বিভিন্ন কারিগরি বিষয় ও ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ইপিবির সার্বিক সহযোগিতা যেন অব্যাহত থাকে তার উপর গুরত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন প্রদান করেন উইম্যান চেম্বারের সিনিয়র সহসভাপতি ডা. মুনাল মাহবুব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র সহসভাপতি লুৎমিলা ফরিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, বিজিএমইএর সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ, উত্তরা মোটরসের পরিচালক রফিকুর রহমান, রপ্তানিকারক একরামুল করিম, উইম্যান চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি গুলশানা আলী, সাবেক পরিচালক জাহেদা আক্তার মিতা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআলোচনায় ‘কালো মানিক’ দাম চাওয়া হয়েছে ১৩ লাখ টাকা
পরবর্তী নিবন্ধউখিয়ায় ১০ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী