উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ : উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। কলেজের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সারোয়ার আলম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, একাদশ শ্রেণি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। উদ্বোধকের বক্তব্যে এম মনজুর আলম বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য কলেজজীবন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল আজিজ, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, কলেজ গভর্নিং বডির সদস্য মঈন উদ্দিন চৌধুরী, সিরাজ উদ্দিন ও নাছির উদ্দিন এবং সমাজসেবক নেছার আহমদ। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন অধ্যাপক আবু ছগীর, সাইদুর রহমান, নুর মোহাম্মদ, নাজিম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক কাজী মাহবুবর রহমান ও লায়লা নাজনীন রব।

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ : ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ সকাল ১০:০০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: আবুল খায়েরের সঞ্চালনায় এবং কলেজ অধ্যক্ষ কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিক ২৪নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কলেজ গভর্নিং বডির সদস্য নিয়াজ মোহাম্মদ খান, বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং সদস্য কানিজ ফাতিমা (ফাতেমা বাদশা), মো: রিয়াদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটি ও নবীন বরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, কলেজের শৃঙ্খলা ও একাডেমিক নিয়ম–নীতির বিষয়ে বক্তব্য রাখেন বাংলা বিষয়ের প্রভাষক ইব্রাহিম খলিল, ইংরেজি প্রভাষক মো: আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ নুরুল আলম আযাদ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব মোরশেদা বেগম। অনুষ্ঠানের শুরুতে কলেজের সাংস্কৃতিক দলের সদস্যদের উদ্যোগে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।












