বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম তুলনামূলক ‘লম্বা সফরে’ আজ রাতে চট্টগ্রামে আসছেন। তিনি আগামী রোববার সকাল পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিপিসির সদরদপ্তর চট্টগ্রামে হলেও সচরাচর চেয়ারম্যান ঢাকায় লিঁয়াজো অফিসে অফিস করেন এবং মাসে একদিনের জন্য একবার চট্টগ্রামে আসেন।
দীর্ঘদিন ধরে চলে আসা এই রুটিনে এবার পরিবর্তন আসতে যাচ্ছে বলে মন্তব্য করে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর দিনকয়েক আগে চট্টগ্রামে প্রথম সফরে দুদিন অবস্থান করেছিলেন। মুখোমুখি হয়েছিলেন প্রেসের। এটি একটি পরিবর্তনের আভাস উল্লেখ করে সূত্র বলেছে, বিপিসি চেয়ারম্যান সদরদপ্তরে অফিস এবং চট্টগ্রামে অবস্থান করলে সংস্থার কার্যক্রম গতিশীল হবে। এবার চট্টগ্রামে অবস্থানকালে তিনি এলপিজি খাতের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম, বিপিসির অধীনস্থ কোম্পানিগুলোর ব্যবসায়িক পরিকল্পনা, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং মেঘনা পেট্রোলিয়ামের প্রধান স্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যালোচনা করবেন।
বিপিসি চেয়ারম্যান আজ রাত ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছাবেন। পরদিন ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় নগরীর উত্তর পতেঙ্গায় এলপিজি খাতের সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেবেন। দুপুর ২টায় বিপিসির প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজে অংশ নেবেন। দুপুর আড়াইটায় বিপিসির অধীন কোম্পানিগুলোর বিজনেস প্ল্যান প্রণয়ন সংক্রান্ত সেমিনারে অংশগ্রহণ করবেন।
একই দিন বিকাল ৪টায় এডিবি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিকাল ৫টায় বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) বোর্ড সভায় অংশগ্রহণ করবেন তিনি। সন্ধ্যা ৬টায় বিপিসির প্রধান কার্যালয়ে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। বিপিসির চেয়ারম্যানের সফরসূচিতে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক, ইআরএলের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন বিষয় এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
২৫ সেপ্টেম্বর বিপিসি চেয়ারম্যান কোনো কর্মসূচি রাখেননি। তবে ধারণা করা হচ্ছে, অঘোষিতভাবে হলেও তিনি কোম্পানির কার্যক্রম মনিটরিং এবং খোঁজখবর নেবেন। পরদিন শনিবার সকাল ১০টায় বিপিসির প্রধান কার্যালয়ে পিটিসির কর্মকর্তাদের সঙ্গে কোম্পানির চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সংক্রান্ত সভায় অংশ নেবেন। দুপুর ১২টায় উত্তর পতেঙ্গায় মেঘনা পেট্রোলিয়াম পিএলসির প্রধান স্থাপনা পরিদর্শন করবেন। একই সময় সেখানে কার্গো হ্যান্ডলিংসহ অপারেশন কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুর আড়াইটা নাগাদ তিনি উত্তর পতেঙ্গায় ডিপো–ট্যাংক টার্মিনাল পরিদর্শন করবেন। জ্বালানি তেল সংরক্ষণ, আমদানি করা জ্বালানি খালাস, পরিবহন ও বিতরণ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করবেন। ২৭ সেপ্টেম্বর সকালে তিনি ঢাকায় ফিরে যাবেন।













