বর্তমানে বাংলাদেশের বিশাল একটি সমস্যা লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। জ্বালানি সংকট, ডলার সাশ্রয় ও চাহিদার তুলনায় উৎপাদনের হার কম হওয়ায় দিন দিন এই সমস্যা বেড়েই চলেছে। অথচ এর মাঝেও বিদ্যুৎ এর অপচয় বন্ধ হচ্ছে না। বিদ্যুৎ অপচয় নিয়ে বাসা–বাড়ি থেকে শুরু করে অফিস, আদালত, সবখানেই এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়। যেমন– রুম থেকে বের হওয়ার সময় ফ্যান বা লাইট বন্ধ না করা, অকারণে ফ্যান বা লাইট চালু রাখা। প্রচুর সূর্যের আলো থাকা সত্ত্বেও ঘরের জানালা বন্ধ করে লাইট জ্বালিয়ে রাখা। এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি বা ২০ ডিগ্রি সেলসিয়াসে রেখে চাদর মুড়ি দিয়ে ঘুমানো, যেখানে ২৫ডিগ্রি সেলসিয়াস আরামদায়ক ও সাশ্রয়ী। এছাড়াও একটা বিষয় লক্ষ্য করা যায় ক্ষোভ থেকে বাড়িওয়ালার বিদ্যুৎ বিল বাড়ানোর জন্য ইচ্ছাকৃত বিদ্যুৎ অপচয় করা। অথচ এর ফলে জাতীয় সম্পদেরই ক্ষতি হচ্ছে এবং ব্যক্তি নিজেই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে। সুতরাং, বিদ্যুৎ সাশ্রয় কেবল একটি ব্যক্তিগত অভ্যাস নয়, বরং এটি একটি নাগরিক দায়িত্ব ও বৈশ্বিক সময়ের দাবি।
কাজী মালিহা আকতার
শিক্ষার্থী,
উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।











