বিদেশে বাংলাদেশের হয়ে সেরা বোলিং কীর্তি শরিফুলের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৫ ওভারে ৪৮ রানে ৭ উইকেট নেন শরিফুল। বিদেশের মাটিতে বাংলাদেশি বোলার হিসেবে এটাই সেরা বোলিং। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪০.২ ওভার বল করে ১৩৮ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তাইজুল। ঐ টেস্ট ইনিংস ও ৮৫ রানে হারে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট শিকারের কীর্তি গড়েছেন শরিফুল। এত দিন বাংলাদেশের পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেটের মালির ছিলেন শাহাদাত হোসেন। ১৮ বছর পর নতুন রেকর্ড গড়লেন শরিফুল। সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ১৫.৩ ওভারে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত। এতদিন বাংলাদেশ পেসারদের মধ্যে এটি সেরা বোলিং ফিগার ছিল। ঐ টেস্ট ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শরিফুল। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমেতাইজুল ও সাকিব। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬.৫ ওভারে ৩৯ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। যা এখনও বাংলাদেশের কোন বোলারের সেরা বোলিং ফিগার। ঐ টেস্ট ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এরপর আছেন সাকিব। ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫.৫ ওভারে ৩৬ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।

এছাড়া ১৪০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাঁহাতি পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন শরিফুল। সর্বশেষ ১৮৮৬ সালে ম্যানচেষ্টারে ৪৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার ডিক বারলো।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় বাংলাদেশ এইচপি দলের
পরবর্তী নিবন্ধনিয়মিত অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলতে চান অধিনায়ক শান্ত