বিদেশে পালানোর সময় বিমান বন্দরে গ্রেপ্তার অভিযুক্ত পুত্র শওকত

শাহজাহান হত্যার ঘটনায় মামলা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ওমান প্রবাসী ছেলে বোরহান উদ্দিন শওকতের লাঠির আঘাতে পিতা মোহাম্মদ শাহজাহানের (৫০) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। অপরদিকে ঘটনার পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমান বন্দরে গতকাল বুধবার বিকেলে শওকতকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ।

সূত্র মতে, গত সোমবার রাতে কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী নিদা গাজী পাড়া এলাকায় ওমান প্রবাসী ছেলে বোরহান উদ্দিন শওকত পরিবারের অমতে নিজের পছন্দে বিয়ে করে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। এই বিয়ে পরিবার মেনে না নেওয়ায় এবং বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে আর্থিক টানাপোড়েন নিয়ে পিতাপুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে শাহজাহানের স্ত্রী, মেয়ে ও পুত্রবধূর (শওকতের স্ত্রী) মধ্যেও কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে শাহজাহান তার মেয়েকে চড়থাপ্পড় মারেন, যা অসাবধানতাবশত পুত্রবধূর গায়েও লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ওমান ফেরত ছেলে শওকত লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে শাহজাহান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে প্রথমে বাঁশখালীর একটি হাসপাতালে ও পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

এদিকে ঘটনার পর থেকে ছেলে শওকত আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বাদী হয়ে ছেলে বোরহান উদ্দিন শওকত ও মেয়ে রুবি আক্তারকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বুধবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে অভিযুক্ত ছেলে বোরহান উদ্দিন শওকত গ্রেপ্তার করে পুলিশ। তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে বুধবার রাত সাড়ে ১০টায় দৈনিক আজাদীকে জানান বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন।

এদিকে গতকাল বিকালে নামাজে জানাজা শেষে পশ্চিম কোকদণ্ডীর নিদা গাজী পাড়া এলাকায় পারিবারিক কবর স্থানে নিহত মোহাম্মদ শাহজাহানের দাফন সম্পন্ন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমশা নিধন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণে চসিকের বড় উদ্যোগ
পরবর্তী নিবন্ধসবুজ টিলায় পর্যটনের হাতছানি, প্রয়োজন উদ্যোগ