মশা নিধন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণে চসিকের বড় উদ্যোগ

৬ অঞ্চলে দায়িত্ব ভাগ, কঠোর মনিটরিংয়ের নির্দেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

নগরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, খাদ্যে ভেজাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকার ঘোষিত ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে নগরের ৪১ ওয়ার্ডকে ৬টি অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পৃথক আদেশ জারি করেছে সংস্থাটি।

চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরে গতকাল বুধবার এ অফিস আদেশ জারি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বৃক্ষরোপণের তদারকি সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি সপ্তাহে চসিক সচিব বরাবর প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান : নগরে এডিস মশার লার্ভা অপসারণ, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, অবৈধ নালা দখল করে স্ল্যাব নির্মাণ, রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ এবং অবৈধ বাজার ও বিলবোর্ড অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ জন্য স্পেশাল ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করতে পরিদর্শক ও কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে।

সমগ্র চসিক এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এছাড়া সংশ্লিষ্ট এলাকার পরিদর্শকগণ মশক নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে দায়িত্ব পালন করবেন। এছাড়া অঞ্চল(ওয়ার্ড ১, , , ৭ ও ৮)-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, অঞ্চল(ওয়ার্ড ৪, , , ১৭, ১৮, ১৯ ও ৩৫)-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, অঞ্চল(ওয়ার্ড ১৪, ১৫, ১৬, ২০, ২১, ২২, ৩১, ৩২, ৩৩ ও ৩৪)-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, অঞ্চল(ওয়ার্ড ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩৬)-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, অঞ্চল(ওয়ার্ড ৯, ১০, ১১, ১২, ১৩, ২৫ ও ২৬)-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ ও অঞ্চল(ওয়ার্ড ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১)-এ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা দায়িত্ব পালন করবেন।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নগরের ৬টি অঞ্চলের মালীগণকে নিজ নিজ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সরাসরি তদারকিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিসির গণশুনানিতে উঠে আসছে জীবনসংগ্রামের ভিন্ন ভিন্ন গল্প
পরবর্তী নিবন্ধবিদেশে পালানোর সময় বিমান বন্দরে গ্রেপ্তার অভিযুক্ত পুত্র শওকত