চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক প্রধানমন্ত্রী। তিনি সবসময় গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করছেন। কৃষিখাতের উন্নয়নের জন্য ইতিমধ্যে ৩০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। চন্দনাইশেও খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি বর্ষাকালে বন্যা থেকেও রক্ষা পাবে সাধারণ মানুষ।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলেই মানুষ কিছু না কিছু পায়। বিগত সরকার ১৭ বছরে আমাদের জন্য ৩০ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। দেশের এ ভঙ্গুর অবস্থা স্বাভাবিক করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আবার দেশের হাল ধরেছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে ২০২৫–২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চন্দনাইশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার, রোগী কল্যাণ সমিতিতে ওষুধ এবং কিশোর–কিশোরী ক্লাবে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, বিএনপি নেতা মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম প্রমুখ।










