জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল শিক্ষিকার

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষিকা শতাব্দী চাকমা (৫০) বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার মৃত রবীন্দ্র চাকমার মেয়ে।

বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য সমাজকল্যাণ এলাকায় সিএনজির অপেক্ষায় ছিলেন শতাব্দী চাকমা। এ সময় পাশে একটি জামগাছে ফল দেখে তিনি কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করেন। একপর্যায়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ খাদ্য কর্তৃপক্ষের টানা তিনবার ‘এ-প্লাস’ পেল বনজৌর
পরবর্তী নিবন্ধবিগত সরকার ৩০ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে