রাঙ্গুনিয়ায় পানি পান করার কথা বলে এক বাড়িতে ঢুকে মোবাইল ফোন চুরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের আবিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই নারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে চারটার দিকে আবিদপাড়া এলাকায় এক গৃহকর্ত্রীর কাছে পানি পান করার অনুরোধ জানিয়ে ওই নারী একটি বাড়িতে ঢোকেন। গৃহকর্ত্রী পানি আনতে গেলে সেই সুযোগে তিনি ঘরের একটি কক্ষ থেকে দুটি দামি স্মার্টফোন নিয়ে দ্রুত বেরিয়ে যান। কিছুক্ষণ পর মোবাইল ফোন খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
চুরির বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী হোসনাবাদ এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে গ্রেপ্তার করে এবং আলামত হিসেবে মোবাইল দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ওই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।














