জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট এবং নবম পে–স্কেল ঘোষণাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে চবি শহীদ জিয়া স্মৃতি সংসদ। সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক সংকট উত্তরণ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে সংসদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল ছবুর জনকল্যাণমুখী, উৎপাদনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও স্বাগত জানান।
তারা এই বাজেটকে দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণ এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী দলিল হিসেবে আখ্যায়িত করেন। বিবৃতিতে বলা হয়, চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে প্রস্তাবিত বাজেট বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
বিশেষ করে শিক্ষা, গবেষণা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে যে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, তা দেশের তরুণ সমাজ ও ছাত্রসমাজকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আরো দক্ষ ও যোগ্য করে তুলবে।
বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশকে অরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।












