নগরীর বাকলিয়া থানাধীন ফিশারিঘাট ভেড়া মার্কেট এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা ও ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই নারীকে আটক করা হয়। আটক মাসুমা প্রকাশ সীমা প্রকাশ শিমু (৪৬) ভেড়া মার্কেট শিমুর কলোনির মোহাম্মদ আলীর মেয়ে। পুলিশ জানায়, গভীর রাতে চালানো অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন মূল্যমানের নোটসহ ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনিতে অভিযান চালানো হয়।
এ সময় আটক নারী নিজেই একটি কক্ষের তালা খুলে দেন। পরে ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ওসি জানান, উদ্ধার হওয়া টাকার বিষয়ে আটক নারী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন। কখনো তিনি দাবি করেন, টাকাগুলো তার ভাগিনা রাখার জন্য দিয়েছেন। আবার কখনো বলেন, বাড়ির কাজের জন্য ভাইয়ের কাছ থেকে এনেছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবার মালিকানা সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।











