কক্সবাজারের পেকুয়ায় বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়া লবণ শ্রমিকদের জন্য সরকারি প্রণোদনা, খাদ্য সহায়তা ও পুনর্বাসন কর্মসূচি চালুর দাবিতে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় লবণ শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, লবণ শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক নাজিম উদ্দিন নাজু, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, লবণ শ্রমিক জাইদুল হক, জয়নাল আবেদীন, জিয়াবুল ইসলাম জীবন, রাজিব, আবদুল মোনাফ, মোক্তার আহমদ, মোস্তাক আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, পেকুয়ার হাজারো লবণ শ্রমিক শুষ্ক মৌসুমে লবণ মাঠে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলে লবণ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় তারা দীর্ঘ সময়ের জন্য কর্মহীন হয়ে পড়েন। এ সময় শ্রমিকদের আয়–রোজগারের কোনো সুযোগ না থাকায় পরিবার–পরিজন নিয়ে তাদের চরম মানবেতর জীবনযাপন করতে হয়। বক্তারা আরও বলেন, লবণ উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও মৌসুম শেষ হওয়ার পর কর্মহীন শ্রমিকদের জন্য এখনো কার্যকর কোনো সরকারি সহায়তা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি গড়ে ওঠেনি। ফলে একদিকে কর্মহীনতা, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্য সব মিলিয়ে লবণ শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।











