বাংলা আমার প্রণোদনা পুরস্কার পেলেন খাগড়াছড়ির চিংলামং চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব২০২৬। উৎসবে বাংলা আমার সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রবর্তিত বাংলা আমার প্রণোদনা পুরস্কার২০২৬ লাভ করেন সংস্কৃতিকর্মী, সংগঠক, বাচিকশিল্পী, কবি ও লোকগবেষক চিংলামং চৌধুরী।

গতকাল শুক্রবার বিকেল ৫টায় আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজাউদ্দিন স্টালিন। বরেণ্য বাচিকশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে চিংলামং চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আবৃত্তিশিল্পের চর্চা ও বিকাশে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলা আমার প্রণোদনা পুরস্কার২০২৬ প্রদান করা হয়।

প্রান্তিক জনপদে থেকেও চিংলামং চৌধুরী বাচিকশিল্পের চর্চা, প্রশিক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাহাড়ি জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে রাষ্ট্রভাষা বাংলার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্র। পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি মারমা ভাষা, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হক চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল