বাঁশখালীতে ৭ম কাব ক্যাম্পুরী উপলক্ষে মহাতাঁবু জলসা সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

কাব স্কাউটিং করবো, সমৃদ্ধ জীবন গড়বো’এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস বাঁশখালী উপজেলার ৭ম কাব ক্যাম্পুরী উপলক্ষে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়েছে।

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আবু নোমান। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিনার।

উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক আরিফ মোর্শেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, মো. ওমর ফারুখ ও জয়নাল আবেদীন। প্রধান অতিথি বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শিশুকিশোরদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, নেতৃত্বের প্রথম পাঠ এখান থেকেই শুরু করতে হবে। সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার চর্চা করতে হবে। বলেন, আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যে নেতৃত্ব প্রয়োজন, তার বীজ রোপিত হয় এই স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়েই। তিনি বলেন,একটি আলোকিত, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং কার্যক্রম বিশেষ অবদান রাখছে।৩ দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পুরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও সেবা ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মুখোশধারীর হামলায় টং দোকানি নিহত