বাঁশখালীতে শিশু-কিশোরদের মধ্যে মাদক ও ধূমপানের ভয়াবহ বিস্তার

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে মাদকের ভয়াবহতা নিয়ে নানা সময় উদ্বেগ প্রকাশ করা হলেও চট্টগ্রামের বাঁশখালীতে শিশুকিশোরদের মধ্যে ধূমপান ও মাদক গ্রহণের প্রবণতা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। বিষয়টি এখন শুধু ব্যক্তি বা পারিবারিক সমস্যা নয়; এটি সমাজের জন্যও একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুঃখজনক হলেও সত্য, এমন অনেক শিশুকিশোর রয়েছে, যারা এখনও অষ্টম শ্রেণির গণ্ডি পেরোয়নি, অথচ নিয়মিত সিগারেট সেবনের অভ্যাসে জড়িয়ে পড়েছে। কেউ কেউ প্রতিদিন একাধিক সিগারেট সেবন করছে। পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে কিংবা জনসম্মুখের আড়ালে গিয়ে তারা এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

পরিবারের পক্ষ থেকে সতর্ক করা হলেও দীর্ঘদিনের অভ্যাস ও বন্ধুবান্ধবের প্রভাবে অনেকেই সহজে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছে না। একজনকে দেখে আরেকজনের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। এভাবেই ধীরে ধীরে একটি শিশুর অনাকাঙ্‌ক্িষত অভ্যাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

এ অবস্থায় বাঁশখালী উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিতভাবে এগিয়ে আসা জরুরি। মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি শিশুকিশোরদের মধ্যে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে যারা শিশুকিশোরদের ধূমপান বা মাদক গ্রহণে উৎসাহিত করছে কিংবা এসব কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ তৈরি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শিশুদের ভুলের জন্য শুধু শাস্তি নয়, তাদের পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করতে হবে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই সমস্যা ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বাঁশখালীকে মাদক ও ধূমপানমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

কে.এম.মুরাদ,

শিক্ষার্থী, বাঁশখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধফেদেরিকো গারসিয়া লোরকা : অন্যতম স্প্যানিশ কবি
পরবর্তী নিবন্ধকারো প্রাপ্তি দেখে হীনম্মন্যতায় ভুগতে নেই