বাঁশখালীতে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ১১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. শফিউল আলম বাদী হয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার রুহুল আমিনের ছেলে তানভীরুল ইসলাম (২৫) নামের ওই যুবক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন অভিযুক্ত কৌশলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে আরও কয়েকজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর মামলাটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যদের বিশেষ ভাতা প্রদান অনুষ্ঠান