ববিতাকে নিয়ে ‘ববিতা সমগ্র’

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ফরিদা আক্তার পপি ববিতার জন্মবার্ষিকী ঘিরে ‘ববিতা সমগ্র’ নামের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ববিতার জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি। এই দুটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে টেলিভিশন স্টেশনটি জানিয়েছে, আজ রাত সাড়ে ১০টায় প্রচার হবে ‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানটি। ববিতা সমগ্র অনুষ্ঠানে অভিনেত্রীর জন্ম থেকে অদ্যাবধি পুরো জীবনের ওপর আলোকপাত করা হয়েছে। ববিতার জীবনের নানা জানাঅজানা ঘটনা, চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিজীবনের বিভিন্ন দিকসহ তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কথায় সাজানো হয়েছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ববিতার পাশাপাশি থাকছেন দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের উপস্থিতি।

অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন, অভিনেতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা, অভিনেতা আফজাল হোসেন ও শাকিব খান। তারা সবাই কথা বলেছেন ববিতাকে নিয়ে, স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন শুভেচ্ছা।

বিশেষ এই আয়োজন নিয়ে ববিতা বলেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ববিতা সমগ্র দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। খুবই ভালো হয়েছে আয়োজন। অনুষ্ঠানটি দেখলে আমাকেই জানা হয়ে যাবে পুরোটা। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।

১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় ববিতার জন্ম। আসল নাম ফরিদা আক্তার পপি। চলচ্চিত্র জগতে তার প্রথম নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়। পঞ্চাশ বছরের বেশি সময় ববিতা কাটিয়েছেন অভিনয়ে। ৭০৮০ দশকে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও পরিচিতি পান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চারবার, পার্শ্ব অভিনেত্রী হিসেবে দুইবার ও প্রযোজক হিসেবে একবার পুরস্কার পেয়েছেন ববিতা। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মানায় ভূষিত করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘রামের সুমতি’, ‘এক মুঠোভাত’, ‘অনন্ত প্রেম’, ‘লাঠিয়াল’, ‘লাইলী মজনু’, ‘দূরদেশ’, ‘ফুলশয্যা’, ‘বেহুলা লক্ষিন্দর’ মিলিয়ে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা।

পূর্ববর্তী নিবন্ধদোয়েলের সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৭.০৭ কোটি টাকা