জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড় এসে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন–সংগ্রামে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের ভূমিকা প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর ৩১ দফা দাবি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে আরও বেশী সংগ্রাম করতে হবে। পাশাপাশি যেকোনো অন্যায়–অপকর্ম থেকে নিজেদের ও সংগঠনকে মুক্ত রাখতে হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল মাহমুদ চৌধুরী। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। বক্তব্য রাখেন মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম টুটুল, এম আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











