চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় ধরা পড়া চোরকে ছিনিয়ে নিতে বেপজার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছিনিয়ে নেওয়া চোরচক্রের সদস্য আসলাম শেখ, আব্দুল কাইয়ুম, মো. রাশেদ ও মো. রাসেল আলামিন।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, গত ১৭ আগস্ট রাতে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে একদল চোর প্রবেশ করার খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালান। এ সময় নিরাপত্তারক্ষীরা চোর চক্রের একজন তথা আসলাম শেখকে আটক করেন। তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য গাড়িতে করে সিইপিজেড পুলিশ ফাঁড়ির দিকে নেওয়ার সময় বেপজা সিকিউরিটি গেট এলাকায় ৩০ থেকে ৪০ জনের একটি দল গাড়িটিকে গতিরোধ করে ভাংচুর চালায়। সেই সাথে আসলাম শেখকে ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও অ্যাস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মামলা করেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের পরে আদালতে উপস্থাপন করা হয়।











