দুর্ঘটনা রোধ রাস্তা পারাপারের সুবিধা তথা নিরাপত্তার জন্য ফুট ওভারব্রিজ দেওয়া হয়েছে। অথচ সেখানে দেখা যায় হকার ফকির বখাটেদের আস্তানা। ফলে হাঁটার স্থান কিছুটা সংকোচিত হয়ে পড়ে। এদের পাশ কেটে পথচারীদের হাঁটাচলায় বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয়। এসব অবাঞ্ছিত সমস্যায় অনেকে ওভারব্রিজে না ওঠে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। ফুট ওভারব্রিজের সিঁড়িগুলো অত্যন্ত খাড়া, ভূমির সাথে ৬০ কোথাও ৭০ ডিগ্রি এঙ্গেলে নির্মাণ করায় পথচারীরা হাঁপিয়ে ওঠে। বিশেষ করে হার্টের রোগী বয়স্ক ব্যক্তি শিশু গর্ভবতী নারী প্রতিবন্ধী লোকের জন্য এ ধরনের ফুট ওভারব্রিজ ব্যবহার করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। আবার ভারী মালামাল বহন কারী ব্যক্তি ফ্রি মুভমেন্ট করতে না পারায় ওভারব্রিজে চলতে অনীহা প্রকাশ করে। ব্যস্ত নগরে কয়েক মিনিট সময় বাঁচাতে অনেকে জীবনের ঝুঁকি নেন। তাছাড়া ময়লা আবর্জনা দুর্গন্ধ নিরাপত্তাহীনতার জন্য ওভারব্রিজে যাতায়াত না করার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণের দাবীর মুখে ফুট ওভারব্রিজ দায়সারাভাবে নির্মাণই যথেষ্ট নয়, এমনভাবে নির্মাণ করতে হবে যেন পথচারী হেঁটে স্বস্তি পায়। প্রশস্ত জায়গা নিয়ে ভূমির সাথে ৩৫ ডিগ্রি থেকে ৪০ডিগ্রি এঙ্গেলের মধ্যে রেখে প্রতিটি ধাপ ৩ ইঞ্চি উচ্চতায় থাকলে পথচারীদের জন্য আরামদায়ক হবে। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে পথচারীরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সানন্দে ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন।
সুকান্ত দেবনাথ
নাসিরাবাদ, চট্টগ্রাম।












