ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা জরুরি

চট্টগ্রাম বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালা

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে ‘প্রসূতিজনিত ফিস্টুলা নির্মূল ও মাতৃস্বাস্থ্য নীতি’ বিষয়ক বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালা গত বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসডিজি অর্জনের অংশ হিসেবে ফিস্টুলা নির্মূল এবং মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে ‘ সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’ (সিআইপিআরবি) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল–ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও সিআইপিআরবির প্রকল্প সমন্বয়কারী মো. আলতাফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি ডা. জিনাত আরা চৌধুরী ও চমেক হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. তাজিন সুলতানা ও স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপপরিচালক ডা.কমরুল আযাদ। কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সিআইপিআরবি’র প্রজনন ও শিশু স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল হালিম ও উপপরিচালক ড. আবু সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ মূল বিষয় উপস্থাপন করেন। স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিআইপিআরবি ও ইউএনএফপিএ, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, পেশাজীবিবৃন্দ সংশ্লিষ্টরা বিভাগীয় কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অতিথিবৃন্দ অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ, সকল গর্ভবতী নারীর জন্য প্রসবপূর্ব ও পরবর্তী সেবা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক প্রসবের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন

বক্তারা আরো বলেন, ফিস্টুলায় আক্রান্ত অনেক রোগীকে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও রেফারেল নিশ্চিতকরণ, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, পুনর্বাসনের আওতায় আনতে মাঠপর্যায়ে জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা, অস্ত্রোপচার ওস্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা ওয়ার্ডে ৯টি সড়কের উন্নয়ন ও সংস্কার