ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকার সর্তা বন বিটে ‘হরিণ শিকার করতে গিয়ে’ গুলিবিদ্ধ হয়ে মো. জমির উদ্দিন (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্র এবং বন বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাঁচ থেকে সাতজনের একটি দল বনে হরিণ শিকার করতে গিয়েছিল। নিহত জমির উদ্দিনও সম্ভবত এই দলের সঙ্গে ছিলেন। দলের একজন সদস্যের লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহারের সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সর্তা বিট এলাকায় হরিণ শিকারিদের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়ভাবে তাকে উদ্ধার করা হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, পাঁচ থেকে সাতজনের একটি দল বনে হরিণ শিকার করতে গিয়েছিল। নিহত জমির উদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু জামালের লাইসেন্সকৃত অস্ত্র সঙ্গে নিয়ে তারা সেখানে যায় বলে জানতে পেরেছি। দুর্ঘটনাবশত গুলি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কে গুলি করেছে, সেটি এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে গিয়ে ওই দলের কাউকে আমরা পাইনি। জমির উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলটি রাউজান থানার আওতাধীন। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় মামলা রাউজান থানায় হবে। পুলিশ তদন্ত করছে, অভিযুক্তরা পলাতক।
বন বিভাগের সর্তা বিট কর্মকর্তা মোহাম্মদ রবিউলও নিশ্চিত করেছেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।











