ফটিকছড়িতে পুকুরে ডুবে তামিম নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছৈয়দুর রহমান চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। তামিম সৌদিপ্রবাসী মোহাম্মদ হেলালের একমাত্র ছেলে এবং বক্তপুর ফারুক–এ আজম সুন্নিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, মাদ্রাসা থেকে ফিরে তামিম দুপুরের ভাত খায়। পরে নামাজ পড়ে বাড়ির পাশের পুকুর ঘাটের দিকে যায় সে। এরপর পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে তলিয়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে পুকুরে ভেসে ওঠে তামিমের নিথর দেহ। উদ্ধার করে দ্রুত নানুপুর বাজারের একটি হাসপাতাল এবং পরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












