প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান হোসেন মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণের বিদ্যা নয়, বরং এটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎকে নান্দনিকভাবে বিনির্মাণের সৃজনশীল শিল্প। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়ে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল স্থপতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য বিভাগের প্রফেসর ও অ্যাডভাইজার অধ্যাপক সোহেল এম শাকুর, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান বিন হোসাইন এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী।
অধ্যাপক সোহেল এম শাকুর শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও নান্দনিকতার সমন্বয়ে দক্ষ স্থপতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম–শৃঙ্খলা মেনে চলার এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্থাপত্য হলো সৃজনশীলতা, জ্ঞান ও কঠোর পরিশ্রমের সমন্বয়। তাই শুরু থেকেই দক্ষতা অর্জন, সময় ব্যবস্থাপনা, অধ্যবসায় ও দলগত কাজের প্রতি গুরুত্ব দিতে হবে।
ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী নবীন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আলী আকবর রাজন, সহকারী অধ্যাপক শেখ মাহফুজ আলম, প্রভাষক মো. মাইনুল হাসান তুহিন, প্রভাষক কামরুন নাহার ভূঁইয়া, প্রভাষক মুহাম্মদ তানজিল হাসান এবং প্রভাষক মো. সাইফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. কাউসার আলম এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াকুব আলী। প্রেস বিজ্ঞপ্তি।












