প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লেস্টারের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির, ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান ও কাউন্সেলর ফাইজা চৌধুরী উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটি অব লেস্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অনুষদের ডিন অব ইন্টারন্যাশনালাইজেশন ড. আবদুল জব্বার ও কোলাবরেটর নাভিদ এজাজ, ইউরেশিয়া ইনস্টিটিউট জার্মানির বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর ইমরান খান, এডভয়–এর কান্ট্রি হেড (বাংলাদেশ) আসাদুজ্জামান রণি ও হেড অব স্টুডেন্ট রিক্রুটমেন্ট বাংলাদেশ শোভন কর্মকার। মতবিনিময় সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লেস্টারের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব লেস্টার–এ মাস্টার্স ডিগ্রি অর্জন এবং শিক্ষকদের জন্য পিএইচডির সুযোগ বিষয়ে আলোকপাত করা হয়। সভায় আরও জানানো হয় যে, ইউনিভার্সিটি অব লেস্টার–এর বিভিন্ন স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবি শিক্ষার্থীরা শুধু ইউনিভার্সিটি অব লেস্টারেই নয়, বরং ইউরোপের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করতে পারবেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












