চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত ১৮ জুনের পৃথক দুটি অফিস আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং উপ–পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসন ও ট্রাফিক বিভাগের দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের মধ্যে দায়িত্ব অদলবদল করা হয়েছে। বর্তমানে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্রাফিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে উপ–পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়েও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ডিবি উত্তরের উপ–পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের দায়িত্বে থাকা মো. হাসান মোস্তফা স্বপনকে উত্তর বিভাগের উপ–পুলিশ কমিশনার করা হয়েছে। অপরদিকে উত্তর বিভাগের উপ–পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক প্রয়োজন এবং কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে এই দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
সিএমপি সূত্র জানিয়েছে, সিএমপিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে একাধিক বদলি ও পদায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগির নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণ করবেন।











