ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের তুমুল জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রূপালি পর্দায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত বিজ্ঞাপন ও নাটক উপহার দিলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আজন্ম স্বপ্নের কথা শেয়ার করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন নির্মাতা। বিজ্ঞাপন নির্মাণের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আদনান আল রাজীব লেখেন, অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো। সিনেমাটির গল্প তৈরি করার পেছনে তার দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার গভীরতার কথা উল্লেখ করে নির্মাতা আরও বলেন, গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। সেই কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে জানিয়ে উচ্ছ্বসিত আদনান রাজীব পোস্টের শেষে লিখেছেন, কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।










