বাংলাদেশ সফরকে সামনে রেখে ধাপে ধাপে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মূল স্কোয়াডের আগে তিনজন ক্রিকেটার আগেভাগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন।
ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততার কারণে নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল পাঠাতে পারছে না। ফলে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন একটি দলই বাংলাদেশ সফরে অংশ নিচ্ছে।
তবে স্কোয়াডের প্রতিটি সদস্যেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম এর আগে বলেছেন, বাংলাদেশের কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং, বিশেষ করে স্পিন নির্ভর উইকেট। তাই সফরের শুরু থেকেই প্রস্তুতির ওপর জোর দিচ্ছে দলটি। তার মতে, বিদেশের পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারাটাই সিরিজে ভালো করার মূল চাবিকাঠি।
বাংলাদেশে এসেছেন মোহাম্মদ আব্বাস, টিম রবিনসন ও আদি অশোক। গতকাল সোমবার রাত ১১টার দিকে দলের বাকি সদস্যরা চলে আসার কথা। মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার ওয়ানডে সিরিজের মাধ্যমে মাঠের লড়াই শুরু হবে।












