স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সম্মেলন কক্ষে উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের প্রচেষ্টা চলছে। এ লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কক্সবাজারের মেরিনড্রাইভ এলাকা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতোপূর্বে ফ্যাসিবাদী সরকারের সময়ে ইচ্ছেমতো বিভিন্ন এলাকাকে ইসিএ এলাকা ঘোষণা করা হয়েছে। জরিপকার্য পরিচালনার মাধ্যমে পর্যটনের বিকাশের জন্য এসব এলাকা পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে তথ্য উপাত্ত ছাড়াই মেরিন ড্রাইভের দুই পাশে ইসিএ এলাকা ঘোষণা সম্ভাবনার কক্সবাজারের পর্যটন খাতকে পিছিয়ে দেয়া হয়েছে। প্রকৃত অবস্থা পুনর্বিবেচনা করে পর্যটন শিল্প বিকাশের বাধা দূর করতে চাই। মন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করেই কক্সবাজারের অপার সম্ভাবনার পর্যটনের উন্নয়নের চেষ্টা করতে হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ৫শ শয্যার নব–নির্মিতব্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হাসপাতাল মিলনায়তনে ডা. মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ শামসুদ্দিন, ডা. হারুনর রশিদ।












