সমাজের অসচ্ছল, প্রান্তিক ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুস্থ ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি ওষুধ হস্তান্তর করেছেন পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রাম। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবর রহমানের হাতে এসব ওষুধ তুলে দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালের মাধ্যমে চিকিৎসাধীন দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের মাঝে এসব ওষুধ বিতরণ করা হবে। ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ নিশ্চিত করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ওষুধ হস্তান্তর কর্মসূচিতে উপস্থিত ছিলেন পেকুয়া জনকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরী, সহ–সভাপতি মোর্শেদ জাফর ও আরিফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইল ও ইলিয়াছ চৌধুরী এবং ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হক,
প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম এবং পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী।
বক্তারা বলেন, বর্তমানে ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগে পরিণত হয়েছে। অনেক নিম্নআয়ের মানুষ নিয়মিত ওষুধ ক্রয় করতে না পেরে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এমন বাস্তবতায় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।












