আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি–এর চট্টগ্রাম সেন্ট্রাল ও চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়নের আওতাধীন ২১টি এজেন্ট আউটলেটের মালিক, ১৪টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে চট্টগ্রামে এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক গতকাল রবিবার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান এবং উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়ন প্রধান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হাফেজ মোহাম্মদ সালামত উল্লাহ এবং চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়ন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এ এফ এম ফয়সাল কবির। সভায় সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক। সারাদিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে এজেন্ট মালিক, শাখা ব্যবস্থাপক ও নির্বাচিত গ্রাহকগণ নিজস্ব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে নিবিড় আলোচনায় অংশগ্রহণ করেন। ব্যাংকের পক্ষ থেকে আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগ কর্তৃক পরিচালিত Digital Danbox, বাংলা ছজ, Islamic Wallet ও ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলসমূহের মাধ্যমে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং সেবা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, বাংলা ছজ, Internet Banking ও Islamic Wallet ব্যবহারের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সহজে ক্যাশলেস ব্যাংকিংয়ের আওতায় আনা সম্ভব হবে এবং একই সাথে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনা দ্রুত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এজেন্ট আউটলেটগুলোকে কেবল সীমিত পরিসরের ট্রানজেকশন পয়েন্ট হিসেবে বিবেচনা করলে চলবে না; এগুলো মূলত শরীয়াহ–ভিত্তিক সামাজিক লেনদেন কেন্দ্র, যার মাধ্যমে ব্যাংকিং সেবাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানোর এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। বিস্তারিত মতবিনিময় শেষে মুনাজাতের মাধ্যমে উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












