খেলার ধারার বিপরীতে গোল হজম করে পিছিয়ে যাওয়ার পর দারুণ লড়াইয়ে জয় তুলে নিয়েছে আলজেরিয়া। একে করে তারা বাঁচিয়ে রাখল নকআউটে খেলার সম্ভাবনা। বিশ্বকাপ অভিষেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় জর্ডানের। সান ফ্র্যান্সিসকোয় মঙ্গলবার ‘জে’ গ্রুপের ম্যাচে ২–১ গোলে জিতেছে আলজেরিয়া। নিজার আল–রাশদানের গোলে এগিয়ে যায় জর্ডান। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মধ্যে নাদির বেনবুয়ালি ও আমিন গুয়েরির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া। আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা আলজেরিয়া আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে জর্ডানকে। অভিষেকে অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ লড়াইয়ের পরও হেরে যাওয়া জর্ডান জোর দেয় রক্ষণ জমাট রাখায়। আলজেরিয়ার রক্ষণের ভুলে ৩৬তম মিনিটে সুযোগ পেয়ে যায় জর্ডান। সেটাই কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন আল–রাশদান। দ্বিতীয়ার্ধে আলজেরিয়ার আক্রমণের ধার আরও বাড়ে। তবে রক্ষণ জমাট করে তাদের হতাশা বাড়ায় জর্ডান। অবশেষে ৬৯তম মিনিটে সমতা ফেরায় আলজেরিয়া। রিয়াদ মাহরেজের কর্নারে হেডে জাল খুঁজে নেন বদলি খেলোয়াড় বেনবুয়ালি। ৮২তম মিনিটে আলগা বল পেয়ে জাল খুঁজে নেন গুয়েরি। জয়ের হাসিতে মাঠ ছাড়ে আলজেরিয়া। পরপর দুটি ম্যাচে দারুণ লড়াই করলেও আগেভাগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় জর্ডানের। দুই ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রিয়া। সমান পয়েন্ট নিয়ে তিনে আলজেরিয়া। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল আটটায় শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে আলজেরিয়া লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।












