পাহাড়তলীতে দুই ডাইং কারখানার বিদ্যুৎ গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন

অপর প্রতিষ্ঠান থেকে ১৬৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৪:৪০ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী এলাকায় পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ছাড়াই ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও মজুতের দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা এবং প্রায় ১৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয় এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু।

অধিদপ্তর জানায়, অভিযানে পাহাড়তলী থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার বাচা মিয়া রোডে অবস্থিত মনসুর ডাইং অ্যান্ড থ্রেড ফ্যাক্টরি এবং মেসার্স ব্রাইট এক্সেসরিজে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই অভিযানে পাহাড়তলী রেলওয়ে বাজারের স্টেশন রোডে অবস্থিত মেসার্স নিউ পনি পলিথিন বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুতের অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রায় ১৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে কোনো শিল্পপ্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক ঊর্মি সরকার, পরিদর্শক রুম্পা শিকদার, পরিদর্শক মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পৌরকর আদায় চসিকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে সব সূচকেই রেকর্ড