পাতে আস্ত খাসি পেয়ে আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না দেওয়ায় ‘বিরূপ মন্তব্যের’ জেরে মেয়ের বাড়ি বের করে দেওয়া সেই জুনায়েদ মিয়া আবার বিয়ে করেছেন। মঙ্গলবার রাত ১টার দিকে প্রবাসী জুনায়েদ মিয়া ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ের খবর জানান। এর আগে রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে বিয়ে সম্পন্ন হয় বলে বর জুনায়েদের ছোট ভাই পারভেজ রানা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

পারভেজ বলেন, দুই পক্ষের আলোচনার মাধ্যমে নতুন করে ভাইয়ের এ বিয়ে হয়েছে। ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। ভাইয়ের আগামী ৩০ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে। এর আগে আখাউড়া উপজেলায় বিয়ে ঠিক হয় জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার। সেখানে আস্ত খাসি না দেওয়াকে কেন্দ্র করে কনে পক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বর ‘বিরূপ মন্তব্য’ করলে মেয়েকে তার সঙ্গে বিয়ে না দিয়ে বাড়ি থেকে বের করে দেন তার বাবা। সোমবার বিকালে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনাসমালোচনা চলছে। এর আগে আখাউড়া উপজেলায় জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার সঙ্গে এক তরুণীর বিয়ে ঠিক হয়। বিয়েতে আস্ত খাসি না দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বর ‘বিরূপ মন্তব্য’ করলে মেয়েকে তার সঙ্গে বিয়ে না দিয়ে বাড়ি থেকে বের করে দেন বাবা। সোমবার বিকালে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনাসমালোচনা শুরু হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও কনেপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন। পরে ফুল দেওয়া ও গেইটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আত্মীয়স্বজনদের খাওয়াদাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খাবার দেওয়া হয়। এ সময় আস্ত খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান। তিনি আস্ত খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান। এ সময় কনেপক্ষের আত্মীয়স্বজনসহ উপস্থিত অনেকেই বরকে বোঝানোর চেষ্টা করেন। তবে তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত মেয়ের বাবাও বিয়ে না দিয়েই বরকে বাড়ি থেকে বের করে দেন। তবে বর জোনায়েদ মিয়া মঙ্গলবার সকাল ৯টায় বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, খাওয়াদাওয়া শেষে মেয়েপক্ষ আমার কাছে পূর্বনির্ধারিত টাকার চেয়ে ১০ গুণ অতিরিক্ত কাবিন দাবি করে। আমি, আমার পরিবার তা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটি শুরু হয়। তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়।

নতুন যাকে বিয়ে করেছেন, তার নাম জান্নাতুল ফেরদৌস আক্তার। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। নববধূর সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন বর জুনায়েদ মিয়া ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে নবদম্পতির জন্য দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি। তার ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কনেপক্ষ থেকে দেওয়া খাবারে একটি প্লেটে আস্ত খাসি রাখাছিল। বরসহ বাকিরা আনন্দ নিয়ে সেই খাসি খাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি