বঙ্গোপসাগরে বিভিন্ন সময় মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি। এর মধ্যে বাংলাদেশি ১৮ ও ছয়জন রোহিঙ্গা। গতকাল বুধবার দুপুরের দিকে টেকনাফ জেটিঘাট থেকে নাফ নদী হয়ে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় এবং মানবিক তৎপরতার অংশ হিসেবে আরাকান আর্মির হাতে আটক ২৪ জন (বাংলাদেশি–১৮ ও এফডিএমএন সদস্য–৬) জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
বিজিবি জানায়, বিগত ২০২৫ সাল থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়। এরপর বিজিবির উদ্যোগের মাধ্যমে আটক জেলেদের তারা ধাপে ধাপে হস্তান্তর করে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবেলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।











