পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাদমানের পরিবর্তে জাকির

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

বুকের চোটের কারনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বুকে ব্যথা পান সাদমান। সাদমানের ইনজুরি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, ‘মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ ধরার সময় বুকে চোট পান সাদমান। তার বুকে গুরুতর আঘাত লেগেছে এবং ব্যথা আছে। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাদমান।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ইনজুরি আক্রান্ত সাদমানের জায়গায় দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় জাকিরের। এরপর ১৩ টেস্টে ১ সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরিতে ৫৯৩ রান করেন তিনি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান জাকির। ১৩টি চার ও ১টি ছক্কায় ২২৪ বলে ১০০ রান করেছিলেন তিনি। ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেন ২৮ বছর বয়সী জাকির। আগামী শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধজুলাই স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সিজেকেএস কাউন্সিলরদের সাথে মতবিনিময়
পরবর্তী নিবন্ধমাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন