পাঁচ বছর পর আবারও সোনারগাঁয়ের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

২০২১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। দীর্ঘ পাঁচ বছর পর এবার আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই পর্ব। তবে এবার থাকছে কিছুটা ভিন্নতা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক বড় সর্দারবাড়ির সামনে নির্মাণ করা হয়েছিল ‘ইত্যাদি’র সেই পর্বের নান্দনিক মঞ্চ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত সংগ্রাম তৈলচিত্রের আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে বসানো হয়েছিল আমন্ত্রিত দর্শকদের। তবে এবার পুরো পর্বটি নতুন করে প্রচার করা হচ্ছে না। ‘ইত্যাদি’র কয়েকটি পর্ব থেকে নির্বাচিত অংশ নিয়ে সাজানো হয়েছে সংকলিত এই আয়োজন।

পর্বে থাকছে তিনটি গান। এর মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। পাশাপাশি রয়েছে বিষয়বৈচিত্র্যে ভরপুর বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এছাড়া সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে আগের বিভিন্ন পর্ব থেকে বাছাই করা হয়েছে বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশ। বরাবরের মতো এবারও থাকছে দর্শকপর্ব, নানি–নাতি, মামা–ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিকসের সৌজন্যে সংকলিত এ পর্বটি প্রচারিত হবে আগামী ৬ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের মুক্তা জয়ন্তীর প্রাক-উৎসব আজ
পরবর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’