বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো । একই সঙ্গে সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন সিআর সেভেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমরা সর্বস্ব দিয়েও পারিনি। আমরা সত্যিই দুঃখিত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই অসাধারণ সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’ ব্যক্তিগত ভাবেও ক্ষমা চেয়েছেন। রোনালদো বলেছেন, ‘আমি আমার সবকিছু দিয়েছি। নিজের সেরাটা দিয়েছি। আমি স্বচ্ছ বিবেক নিয়ে বিদায় নিচ্ছি। এটাই ফুটবল। এটাই একজন ফুটবল খেলোয়াড়ের জীবন। কখনও আমরা জিতি। কখনও হারি।’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনই কিছু জানাতে রাজি নন তিনি। সিআর সেভেন বলেছেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। বাকি সব কিছু নিয়ে ভাবার জন্য সময় পাব। কয়েকটা দিন পরিবারের সঙ্গে থাকব। কোনও হঠকারী সিদ্ধান্ত নিতে চাই না। হঠকারী কিছু করে জীবনে এগোতে চাই না।’ পর্তুগালের ফুটবলে নিজের অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটে ট্রফি জিতেছি। আমি আসার আগে পর্তুগাল একটা ট্রফিও জিততে পারেনি। এটাই বাস্তব। পর্তুগাল এখনও পর্যন্ত সবচেয়ে বড় ট্রফি জিতেছে ২০১৬ সালে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সত্যি বলতে ইউরো কাপ জয় আমার কাছে বিশ্বকাপ জেতারই সমান।’











