প্রকৃতির আহ্বানে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে “প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবী’’– এই প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হয়ে গেল পরিবেশ সচেতনতায় একক মূকাভিনয় অনুষ্ঠান। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি পেকুয়ার আয়োজনে অনুষ্ঠিত মূকাভিনয় অনুষ্ঠানে একক মূকাভিনয় প্রদর্শন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা শাহরিয়ার শাওন। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১ টায় পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ মূকাভিনয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মূকাভিনেতা শাহরিয়ার শাওনের পরিবেশনায় বৃক্ষমায়া, কুবের মাঝিসহ পরিবেশ বিষয়ক মূকাভিনয় পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পেকুয়া উপজেলা কো–অর্ডিনেটর দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, ইউথ একশনের চেয়ারম্যান মুসলিম আজাদ, নারী নেত্রী বদরুন নাহার কলি, সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরী, লবণ মৎস্য কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, পৃথিবী ব্যাপি মানুষ এখন শিল্পায়ণের দিকে ঝুঁকছে। কথাছিল সবুজায়নের পৃথিবী গড়া। বিপরীতে পরিবেশ বিপর্যয় ঘটে এমন জীবাশ্ম জ্বালানী ভিত্তিক শিল্পায়ন গড়ে উঠার ফলে দিন দিন প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এসব বন্ধ করে প্রকৃতি বাঁচাতে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে সবুজের বিপ্লব নেই। কারণ প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবী। পৃথিবী ব্যাপি সবুজের বিপ্লব ঘটিয়ে বাস পৃথিবী গড়ার আহবান জানান পরিবেশবাদিরা।













