পটিয়ায় জমে উঠছে কোরবানির পশুর হাট

শফিউল আজম, পটিয়া | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

কোরবানি আসন্ন। আগামী ২৮ মে দেশে ঈদুল আযহা পালন করা হবে। পটিয়ায় পেশাদার ব্যবাসায়ী ছাড়াও বিভিন্ন এলাকায় মৌসুমী ব্যবাসায়ীরা হাটে কোরবানির পশু আনা শুরু করেছেন। উপজেলার হাইদগাঁও, কেলিশহর, শোভনদন্ডী, কুসুমপুরা, কোলাগাঁওসহ বিভিন্ন এলাকায় এসব পশু আনা হচ্ছে।

উপজেলার হাইদগাঁও ইউনিয়নে অর্ধশতাধিক মৌসুমী গরু ব্যবসায়ী কোরবানি ঈদকে সামনে রেখে দেশের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গরু মহিষ এনেছেন। এখানে অস্থায়ী সেট বা খাইন (গোয়াল ঘর সাদৃশ্য) তৈরি করে ৭০টি পর্যন্ত গরু রেখেছেন। হাইদগাঁও এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মৌসুমী গরু ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন।

হাইদগাঁও এলাকার মোহাম্মদ মহিউদ্দীন বলেন, একমাস পূর্বেই আমরা জামালপুর থেকে ৫০টির মত গরু এনেছি। ইতোমধ্যে ৮/১০টি গরু স্থানীয় কয়েকজন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। আমাদের কাছে ৭৫ হাজার থেকে শুরু করে ১ লাখ ৪০ হাজার টাকার পর্যন্ত গরু রয়েছে।

সাবেক ব্যাংক কর্মকর্তা ইকবাল হোসেন ও মোহাম্মদ হেলাল জানান, আমরা কোরবান উপলক্ষে উত্তর বঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮০টির মত গরু এনেছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ইতোমধ্যে প্রায় ৪০টি গরু বিক্রি করে দিয়েছি। আরো কিছু গরু আনার প্রস্তুতি রয়েছে আমাদের।

উপজেলার কোলাগাঁও ইউনিয়নের গরিব উল্লাহ শাহ্‌ মাজার গেইটে মোহাম্মদ ফোরকান নামে এক মৌসুমী গরু ব্যবসায়ী জানান, আমি ঠাকুরগাঁও থেকে ৪৭টি গরু এনেছি। এসব গরুগুলোর প্রতিটির মূল্য ৮০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে। এছাড়াও কোলাগাঁওয়ে জাহাঙ্গীর আলম, নাছের সওদাগর, নুর মোহাম্মদ, আবদুল খালেক, শফিউল আলম বশর মেম্বার, খোরশেদ আলমসহ ২০/২৫ জন গরু ব্যবসায়ী ৫ শতাধিক গরু এনেছেন।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জ্যারটেকে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি