যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর সঙ্গে বর্তমান ‘একতরফা’ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য অযৌক্তিক। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের এক সপ্তাহেরও কম সময় আগে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অভিযোগ, ন্যাটো জোটের নিরাপত্তা ব্যয়ের বড় অংশ বহন করে যুক্তরাষ্ট্র, অথচ অনেক সদস্য দেশ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। খবর বাংলানিউজের।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এমন একটি ব্যবস্থার বোঝা বহন করছে, যেখানে অন্য দেশগুলো তুলনামূলক কম অবদান রেখেও একই ধরনের নিরাপত্তা সুবিধা পাচ্ছে। এই পরিস্থিতিকে তিনি ‘একতরফা’ বলে অভিহিত করেন। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে তিনি আগের মতোই চাপ অব্যাহত রাখবেন। তার মতে, জোটকে কার্যকর রাখতে হলে সব সদস্য দেশকে ন্যায্য অংশের দায়িত্ব নিতে হবে। আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়, ইউরোপের নিরাপত্তা এবং বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের এই মন্তব্য সম্মেলনের আগে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। সূত্র: এএফপি











