নৌপরিবহন মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম দুইদিন বন্দর পরিদর্শন এবং প্রয়োজনীয় এ্যাকশন প্ল্যান তৈরি করবেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাশেদুল আজম এমপি আজ এবং আগামীকাল বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রকল্প ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এসময় প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান এমপি এবং সচিব জাকারিয়াসহ শীর্ষ কর্মকর্তারা মন্ত্রীর সাথে থাকবেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, মন্ত্রীর নেতৃত্বাধীন টিমটির এই সফরের মূল লক্ষ্য হলো বন্দরের চলমান কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেওয়া। সফরের প্রথম দিন আজ সকালে সফরসঙ্গী এবং বন্দরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী পতেঙ্গা কন্টেনার টার্মিনালে রেড রেড সী গেটওয়ে টার্মিনাল এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবেন। এরপর লালদিয়া চর, প্রস্তাবিত ফ্রি ট্রেড জোন এবং বে–টার্মিনাল এলাকা ঘুরে দেখবেন। বিকেলে প্রতিনিধিদলটি পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট এলাকা পরিদর্শন করবেন।
পরদিন আগামীকাল সকালে মন্ত্রীর নেতৃত্বাধীন টিমটি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বন্দরের বিভিন্ন বিভাগ ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্যসহ প্রয়োজনীয় উপস্থাপনা পর্যবেক্ষণ করবেন।
এছাড়া, তিনি বন্দরের নিরাপত্তা ও অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সিসিটিভি কন্ট্রোল রুম, জেনারেল কার্গো বার্থ, সিটিএমএস টাওয়ার, চিটাগাং কন্টেনার টার্মিনাল, নিউমুরিং কন্টেনার টার্মিনালসহ বিভিন্ন কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করবেন। তিনি বন্দরের স্টেক হোল্ডারদের সাথেও মতবিনিময় করবেন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রীর নেতৃতাধীন উচ্চ পর্যায়ের টিমের এই সফর বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














