সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় অর্জন প্রযুক্তি, অর্থনীতি কিংবা আধুনিক স্থাপনা নয়! সবচেয়ে বড় অর্জন হলো মানুষের নিরাপত্তা, মর্যাদা ও মানবিকতার নিশ্চয়তা। আজও যখন একটি শিশু নির্যাতনের শিকার হয়। যখন কোনো নারী প্রতিনিয়ত ভয়, অপমান ও সহিংসতার মধ্যে বেঁচে থাকতে বাধ্য হয়, তখন সভ্যতার সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। শিশু রামিসার নির্মম মৃত্যু শুধু একটি পরিবারের বুকফাটা কান্না নয়! এটি পুরো জাতির বিবেকের সামনে দাঁড়িয়ে থাকা এক রক্তাক্ত প্রশ্ন। একটি নিষ্পাপ শিশুর নিথর দেহ আমাদের মনে করিয়ে দেয়, আমরা হয়তো উন্নয়নের গল্প বলছি! মানবিকতার পরীক্ষায় এখনও ভয়াবহভাবে পিছিয়ে আছি।
একটি রাষ্ট্র তখনই সত্যিকার অর্থে উন্নত হয়, যখন সেই রাষ্ট্রের সবচেয়ে দুর্বল মানুষটিও নিরাপদ থাকে। বাস্তবতা হলো, আমাদের সমাজে আজ নারী ও শিশুরা সবচেয়ে বেশি অনিরাপদ। ঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, কোথাও যেন পূর্ণ নিরাপত্তা নেই। প্রতিদিন সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন কিংবা হত্যার খবর আমাদের সামনে আসে। কিছু সময়ের জন্য ক্ষোভ তৈরি হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়। প্রতিবাদের ভাষা উচ্চারিত হয় তারপর ধীরে ধীরে সবকিছু আবার নীরবতায় ঢেকে যায়। অথচ প্রতিটি ঘটনার পেছনে থাকে একেকটি ধ্বংস হয়ে যাওয়া জীবন। একেকটি পরিবারের অন্তহীন শোক, একেকটি শিশুর হারিয়ে যাওয়া ভবিষ্যৎ স্বপ্ন।
রামিসার মৃত্যু আমাদের শুধু কাঁদায় না, আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। একটি শিশুর মৃত্যু মানে শুধু একটি প্রাণ হারানো নয়। একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি ভবিষ্যতের মৃত্যু। একটি শিশু পৃথিবীতে আসে ভালোবাসা, নিরাপত্তা ও স্বপ্ন পাওয়ার অধিকার নিয়ে। কিন্তু যখন সেই শিশুই ভয়, নির্যাতন কিংবা বিকৃত মানসিকতার শিকার হয়, তখন পুরো সমাজের মানবিকতা কলঙ্কিত হয়। যে সমাজ তার শিশুদের নিরাপদ রাখতে পারে না, যে রাষ্ট্র নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই সমাজ ও রাষ্ট্র কখনো সভ্যতার দাবিদার হতে পারে না।
নারী ও শিশু নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়! এটি আমাদের সামাজিক অবক্ষয়ের নির্মম প্রতিচ্ছবি। এটি শুধু কিছু অপরাধীর সমস্যা নয়। এটি একটি অসুস্থ মানসিকতা, দুর্বল সামাজিক কাঠামো, নৈতিক শিক্ষার অভাব এবং বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতির ফল। যখন অপরাধীরা দেখে যে ক্ষমতা, অর্থ কিংবা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে তারা আইনের হাত এড়িয়ে যেতে পারে, তখন তাদের ভয় কমে যায়, আর অপরাধের সাহস বেড়ে যায়। বিচারহীনতার এই সংস্কৃতি সমাজের জন্য সবচেয়ে ভয়াবহ বিপদগুলোর একটি। কারণ অপরাধীর শাস্তি না হওয়া মানে নতুন অপরাধকে আমন্ত্রণ জানানো।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনাই ঘটে পরিচিত মানুষের হাতে। কখনো আত্মীয়, কখনো প্রতিবেশী, কখনো শিক্ষক, আবার কখনো সমাজে সম্মানিত মুখোশধারী ব্যক্তিরাই হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি। যাদের ওপর পরিবার বিশ্বাস করে, অনেক সময় তারাই বিশ্বাসঘাতকতায় সবচেয়ে নির্মম হয়ে ওঠে। এই বাস্তবতা শুধু আতঙ্কের নয়! এটি আমাদের সামাজিক মূল্যবোধের গভীর সংকটের প্রতিচ্ছবি। কারণ একটি সমাজ তখনই ভয়াবহ বিপর্যয়ের দিকে এগোয়, যখন মানুষের ভেতরের মানবিকতা ধীরে ধীরে মৃত হয়ে যায়।
আজও অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েও মুখ খুলতে পারেন না। কারণ সমাজ এখনও ভুক্তভোগীকেই প্রশ্ন করে, অপমান করে, দোষারোপ করে। একজন নারী নির্যাতনের শিকার হলে তার পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠে। অথচ রামিসা তো জীবন শরীর এই সব কিছু বুঝতে পারেনি। অপরাধীর মানসিকতা নিয়ে সমাজের প্রশ্ন অনেক কম। এই মানসিকতা শুধু অন্যায় নয়, এটি অপরাধকে পরোক্ষভাবে প্রশ্রয় দেয়। মনে রাখতে হবে লজ্জা অপরাধীর, ভুক্তভোগীর নয়। একটি মানবিক সমাজ কখনো নির্যাতিত মানুষকে একা ফেলে রাখতে পারে না। বরং তার পাশে দাঁড়ানোই সভ্যতার পরিচয়।
পরিবারের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ছোটবেলা থেকেই নিরাপত্তা, সচেতনতা ও আত্মরক্ষার শিক্ষা দিতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে একটি শিশু ভয় নয়, বিশ্বাস নিয়ে নিজের কথা বলতে পারে। অনেক শিশু নির্যাতনের শিকার হয়েও চুপ থাকে, কারণ তারা বিশ্বাস করে না যে কেউ তাদের কথা শুনবে কিংবা বুঝবে। এই নীরবতা ভাঙা অত্যন্ত জরুরি। কারণ একটি শিশুর কান্না যদি পরিবারের দেয়ালে চাপা পড়ে যায়, তাহলে সমাজের বিবেকও একসময় নীরব হয়ে যায়।
শিক্ষাব্যবস্থার মধ্যেও মানবিকতা ও সচেতনতার শিক্ষা আরও শক্তিশালীভাবে অন্তর্ভুক্ত করতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিশুদের শেখাতে হবে সম্মানবোধ, সহমর্মিতা, নারী–পুরুষ সমতা এবং মানবিক মূল্যবোধ। কারণ সহিংসতা হঠাৎ জন্ম নেয় না, এটি দীর্ঘদিনের বিকৃত চিন্তা, অসুস্থ সামাজিক চর্চা এবং নৈতিক শিক্ষার অভাব থেকে তৈরি হয়। একটি শিশু যদি ছোটবেলা থেকেই সম্মান করতে শেখে, তাহলে বড় হয়ে সে কখনো অন্যের নিরাপত্তা কেড়ে নেওয়ার মানুষ হবে না।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোকে শুধুমাত্র সাময়িক আলোচনার বিষয় বানিয়ে থেমে গেলে চলবে না। প্রয়োজন ধারাবাহিক সামাজিক আন্দোলন, সচেতনতা এবং জনমত তৈরি করা। কারণ সমাজ যখন নীরব থাকে, তখন অপরাধীরা আরও শক্তিশালী হয়ে ওঠে। নীরবতা কখনো নিরপেক্ষতা নয়! অনেক সময় নীরবতা অপরাধের সহযোগী হয়ে দাঁড়ায়।
ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বকেও স্পষ্ট অবস্থান নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আপসহীন অবস্থান গড়ে তুলতে হবে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক ঐক্য তৈরি করতে হবে। একটি শিশুর জীবন কোনো দল, মত কিংবা শ্রেণির বিষয় নয়, এটি পুরো মানবতার প্রশ্ন। একটি রাষ্ট্র তখনই মানবিক হয়, যখন তার আইন দুর্বল মানুষের পাশে দাঁড়ায়, যখন তার বিচারব্যবস্থা প্রভাবশালীর চেয়ে সত্যকে বড় করে দেখে।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একটি শিশু নিরাপদে খেলতে পারবে, একটি কিশোরী ভয় ছাড়াই স্কুলে যেতে পারবে, একটি নারী সম্মান নিয়ে বাঁচতে পারবে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কোনো মা সন্তানের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রাত কাটাবেন না। যেখানে কোনো শিশুর কান্না অবহেলার দেয়ালে হারিয়ে যাবে না। যেখানে মানবিকতা হবে সবচেয়ে বড় শক্তি, আর ন্যায়বিচার হবে রাষ্ট্রের সবচেয়ে দৃঢ় ভিত্তি।
আজ প্রয়োজন শুধু আবেগ নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ। প্রয়োজন কঠোর আইন, দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ, পারিবারিক সচেতনতা, মানবিক শিক্ষা এবং সামাজিক আন্দোলন। কারণ নারী ও শিশু নিরাপদ না হলে কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। উন্নয়নের বড় বড় সড়ক, উঁচু ভবন কিংবা প্রযুক্তিগত অগ্রগতি কোনো অর্থ বহন করে না, যদি একটি শিশু নিরাপদে স্কুলে যেতে না পারে, যদি একটি নারী ভয় ছাড়া নিজের জীবন বাঁচতে না পারে।
শিশু রামিসার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নীরবতা এখন আর নিরপেক্ষতা নয়। এটি অনেক সময় অপরাধকে শক্তিশালী করে। তাই আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে,আমরা কি এমন সমাজ গড়ব, যেখানে শিশুরা ভয়ে বড় হবে? নাকি এমন বাংলাদেশ গড়ব, যেখানে প্রতিটি শিশু নিরাপদ শৈশব পাবে, প্রতিটি নারী সম্মানের সঙ্গে বাঁচবে?
প্রতিটি শিশু জন্ম নেয় বেঁচে থাকার অধিকার নিয়ে। প্রতিটি নারী জন্ম নেয় সম্মানের অধিকার নিয়ে। আর সেই অধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়! এটি আমাদের সকলের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব।
তাই আসুন, আমরা নীরবতার দেয়াল ভেঙে ফেলি। প্রতিবাদকে প্রতিরোধের শক্তিতে পরিণত করি। অবহেলার বদলে মানবিকতা গড়ে তুলি। ভয় নয়, নিরাপত্তার বাংলাদেশ নির্মাণ করি। যেন বাংলার প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারে, প্রতিটি নারী সম্মানের সঙ্গে বাঁচতে পারে, আর কোনো রামিসার মৃত্যু যেন আমাদের বিবেককে আর রক্তাক্ত না করে। আমারা নীরবতা নয়, প্রতিবাদ গড়ে তুলতে হবে। রামিসার মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয়।এটি পুরো সমাজের, রাষ্ট্রের বিবেকের রক্তক্ষরণ।
যে দেশে শিশু নিরাপদ নয়,যেখানে নারী নিরাপদ নয়,
সেই সমাজ কখনো সত্যিকারের সভ্য হতে পারে না।
নারী ও শিশু নির্যাতন শুধু একটি অপরাধ নয়,ভয়ঙ্কর অপরাধ। এটি মানবতা, ন্যায়বিচার ও বিবেকের বিরুদ্ধে নির্মম আঘাত। তাই এখন সময় নীরব থাকার নয়।
প্রতিবাদ হোক প্রতিরোধের ভাষা। মানবতা হোক সবচেয়ে বড় শক্তি। আমরা এমন এক বাংলাদেশ চাই,যেখানে কোনো শিশুর কান্না, অবহেলায় হারিয়ে যাবে না,কোনো নারী ভয়ের মধ্যে বাঁচবে না। প্রতিটি শিশু নিরাপদে হাসুক,
প্রতিটি নারী সম্মানের সঙ্গে বাঁচুক। এই হোক আমাদের মানবিক অঙ্গীকার।











