নিরীক্ষা ও হিসাব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সেবা কার্যক্রম শুরু

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় তথা নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ) চট্টগ্রাম কার্যালয়ে সাত কর্মদিবসব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে আগামী ১৯ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, চট্টগ্রাম এস এম মনজুর আহমেদ। সভায় বক্তারা বলেন, জনগণের সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএজি কার্যালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো সংবিধানপ্রদত্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। সেবা কার্যক্রমকে আধুনিক, ডিজিটাল ও মানবকল্যাণমুখী করতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সভায় আরও জানানো হয়, হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভীর তত্ত্বাবধানে দেশব্যাপী হিসাবরক্ষণ কার্যালয়গুলোতে পেনশনসহ সরকারি আর্থিক সেবায় দ্রুততা, মানবিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ওয়ানস্টপ সার্ভিস চালু রয়েছে। অনলাইন সার্ভিস ফিডব্যাক গ্রহণ এবং টেলিফোনে সেবা যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া পেনশনারদের ইএফটির আওতায় এনে প্রতি মাসের প্রথম কর্মদিবসে তাঁদের ব্যাংক হিসাবে পেনশনের অর্থ পাঠানো হচ্ছে। হেল্প ডেস্কের মাধ্যমে পেনশনসংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং অনলাইনে তথ্য পাওয়ার সুবিধাও চালু রয়েছে।

ডিসিএ চট্টগ্রাম ও এর অধীন জেলা পর্যায়ের কার্যালয়গুলোতে অনলাইন বিল দাখিল ও পরিশোধ ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি সরকারি অর্থ পরিশোধে ইএফটির পাশাপাশি এমআইসিআর চেক এবং অটোমেটেড চালান ব্যবস্থার মাধ্যমে সরকারের ক্যাশ ম্যানেজমেন্ট শক্তিশালী করতে ভূমিকা রাখা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি,পেকুয়া মডেল ফারিয়ার মানববন্ধন
পরবর্তী নিবন্ধদেশকে আবারো বিভক্তির দিকে ঠেলে দেয়ার গভীর চক্রান্ত চলছে