নাসিরাবাদ, সানরাইজ, শাহ গরীবউল্লাহ ও মিলেনিয়াম একাডেমির জয়লাভ

আব্দুল্লাহ আল শাহেরের প্রথম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র ক্রিকেট লিগে গতকালের ৪টি খেলায় জয়লাভ করেছে নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি, শাহ গরীবউল্লাহ স্পোর্টিং ক্লাব ও মিলেনিয়াম ক্রিকেট একাডেমি। খেলার উল্লেখযোগ্য দিক ছিল মিলেনিয়াম ক্রিকেট একাডেমির বিপক্ষে ও আর নিজাম রোড স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল শাহেরের সেঞ্চুরি। এটি এবারের আসরের প্রথম সেঞ্চুরি। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত খেলায় নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব ৭ রানে স্বাধীনতা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে স্বাধীনতা ক্রিকেট একাডেমির ইনিংস ২০ ওভারে ৫ উইকেটে ১০৭ রানে গিয়ে থামে। নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ইনিংসে অতিরিক্ত খাতে সর্বোচ্চ ৩৯ রান যোগ হয়, যার মধ্যে ৩৬ টি ছিল ওয়াইড বল। এছাড়া আব্দুল্লাহ নুর ২৮ ও মাহাবুব হোসেন ২৮ রান করেন। স্বাধীনতা ক্রিকেট একাডেমির সাবিত রহমান ৩০ রানে ২টি এবং আরাফাত হোসেন মাহাদি ১৫, শাহারিয়ার নাফিস ১৮ ও আনিসুর রহমান ২৭ রানে প্রত্যেকে ১টি করে উইকেট নেন। স্বাধীনতা ক্রিকেট একাডেমির হয়ে আরাফাত হোসেন মাহাদি ২৯ ও আনিসুর রহমান ১৮ রান করেন। এদের ইনিংসেও অতিরিক্ত খাতে সর্বোচ্চ ৩৬ রান যোগ হয়, যার মধ্যে ওয়াইড বল ২৯ টি। নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের তৌফিকুর রহমান ১৬ রানে ২টি এবং শাকিল আহমেদ ৮,তাসিমুল ইসলাম ফয়সাল ২০ ও আব্দুল্লাহ নুর ২৪ রানে প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন।

একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি ৫৫ রানে রয়েল স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে। জবাবে রয়েল স্পোর্টস একাডেমি ১৬.৪ ওভারে ৮১ রানে অলআউট হয়। চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমির ইনিংসে শ্রীকান্ত বৈষ্ণব ৫২, রাদিব হোসেন ২৮ ও মনসিবুল ইসলাম ১০ রান করেন। অতিরিক্ত খাতে আসে ২৮ রান। রয়েল স্পোর্টস একাডেমির মোহাম্মদ ইমরান ৩০ রানে ২টি ও শাহারিয়ার হোসেন রাব্বি ২৭ রানে ১টি উইকেট নেন। রয়েল স্পোর্টস একাডেমির ইনিংসে রায়হান উদ্দিন ১৩, কোবায়েত ইসলাম ১০ ও মোহাম্মদ ইমরান ১০ রান করেন। অতিরিক্ত খাতে ২৮ রান যোগ হয়। চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমির আব্দুল্লাহ আল সাঈদ ৮ রানে ৩টি, অর্ণব বড়ুয়া ১৩ ও রায়হানুল আমিন ২৩ রানে ২টি করে উইকেট নেন।

বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় টস হারা উদীয়মান ক্রিকেট একাডেমি আগে ব্যাট করতে নেমে ১০.৩ ওভারে এবারের আসরে সর্বনিম্ন মাত্র ৩৬ রানে অলআউট হয়। জবাবে শাহ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাব ৫.৫ ওভারে ১ উইকেটে জয় নিশ্চিত করে নেয়। তারা করে ৩৭। উদীয়মান ক্রিকেট একাডেমির হয়ে একমাত্র মাহমুদউল্লাহর ১৩ রান ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। অতিরিক্ত খাতে আসে ১৩ রান। শাহ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল নাহিয়ান ৮ রানে ৫ উইকেট দখল করে কৃতিত্ব দেখান। এছাড়া মোহাম্মদ মাহরাব ২, মহিউদ্দিন সোহাগ ৫, আদিল বিন আইয়ুব ৮ ও রিদওয়ান ইসলাম ১২ রানে প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন । শাহ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাবের ইনিংসে আফজার নাবিলের অপঃ ১৯ ও অতিরিক্ত ১২ রান জয়ের জন্য যথেষ্ট ছিল। উদীয়মান ক্রিকেট একাডেমির তাজমিদ সাদমান ১৯ রানে একমাত্র উইকেটটি নেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ৬ উইকেটে ও আর নিজাম স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। টস হারা ও আর নিজাম স্পোর্টিং ক্লাব আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করে। জবাবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। তারা ১৪৭ রান করে। ও আর নিজাম স্পোর্টিং ক্লাবের হয়ে আসরের প্রথম সেঞ্চুরি হাঁকান আব্দুল্লাহ আল শাহের। তিনি ৭২ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৩ রান করেন। এছাড়া উজাইর ইসলাম সিনদাত ১৬ রান করেন। অতিরিক্ত খাতে আসে ১২ রান। মিলেমিয়াম ক্রিকেট একাডেমির আব্দুল কাইয়ুম ৩৭ রানে ৩টি এবং আফফান চৌধুরী ১৭ ও শাফিন আহমেদ ৩৭ রানে ১টি করে উইকেট নেন। মিলেমিয়াম ক্রিকেট একাডেমির ইনিংসে শাওন দাস ৪২, আফফান চৌধুরী ২৭, মেহেদি হাসান ২১, সাফিন আহমেদ ২০, আব্দুল কাইয়ুম ১৪ ও আব্দুল আহাদ ১২ রান করেন। ও আর নিজাম স্পোর্টিং ক্লাবের আব্দুল শাহীন ৩২ রানে ২টি এবং ইশফাক হোসেন ২৩ ও আব্দুল মালেক ২৯ রানে ১টি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধলিটনের বিশ্ব রেকর্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ইনিংস ব্যবধানে হারালো বরিশালকে