বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪১ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত ঞোমং তঞ্চঙ্গ্যার ছেলে অক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), মৃত উইমং তঞ্চঙ্গ্যার ছেলে চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪), সুনি অং তঞ্চঙ্গ্যার ছেলে শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তারা সকলে ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪১ নং পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান স্থানীয় ৩ জন। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












