চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম নির্বাচন আজ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বারের কনফারেন্স রুমে নবনির্বাচিত পরিচালকদের সভায় প্রেসিডিয়াম নির্বাচিত করা হবে।
প্রেসিডিয়াম নির্বাচন গতকাল হওয়ার ব্যাপারে একটি নোটিশ সার্ভ করা হলেও পরবর্তীতে দেখা যায়, চেম্বারের সংবিধান অনুযায়ী নির্বাচনী ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর প্রেসিডিয়াম নির্বাচনের বিধান রয়েছে। এতে করে আজ বেলা সাড়ে ১১টায় প্রেসিডিয়াম নির্বাচন করা হবে বলে চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবসার জানিয়েছেন।
গত শনিবার অনুষ্ঠিত সরাসরি ভোটে অর্ডিনারি গ্রুপে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপে ৬ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রেড গ্রুপ থেকে ৩ জন ও টাউন এসোসিয়েশন থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। চারটি ক্যাটাগরি থেকে নির্বাচিত মোট ২৪ জন পরিচালক আজ নিজেদের মধ্যে সভা করে একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।












