নদী পাড়ে ড্রেজার ও বালুর স্তূপ, গাড়ি থামিয়ে এমপি হুমাম কাদেরের ক্ষোভ

আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

টানা বর্ষণ ও ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়ার মানুষের দুঃখদুর্দশা দেখতে এবং পাশে দাঁড়াতে টানা কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে চষে বেড়াচ্ছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তবে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। বন্যায় ভাঙনকবলিত নদীতে অবৈধ ড্রেজার এবং পাড়ে বালুর বিশাল স্তূপ দেখে ক্ষুব্ধ হন এই জনপ্রতিনিধি। তাৎক্ষণিক গাড়ি থামিয়ে স্পটে গিয়েই বালু খেকোদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার আজিজনগর এলাকায় পাহাড় ধস ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হুমাম কাদের চৌধুরী। এরপর সেখান থেকে সরফভাটা ও শিলক ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে সরফভাটা গোডাউন ব্রিজ পার হতেই ভূমিরখীল গ্রামে কর্ণফুলী নদীর পাড়ে তার চোখে পড়ে এক বিশালাকৃতির বালুর স্তূপ ও নদীতে দাঁড়িয়ে থাকা অবৈধ ড্রেজার মেশিন। নদী ভাঙনের অন্যতম কারণ এই অবৈধ বালু উত্তোলন দেখে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমপি হুমাম কাদের চৌধুরী। তিনি তাৎক্ষণিক নিজের গাড়িবহর থামিয়ে নদী পাড়ে নেমে যান। নদী ও পরিবেশ ধ্বংসের এমন বেআইনি কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদকে অনতিবিলম্বে বালু উত্তোলনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সাথে অবৈধ ড্রেজারটি দ্রুত জব্দের ব্যবস্থা করার কড়া বার্তা দেন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এমন তাৎক্ষণিক ও সাহসী অ্যাকশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। রাঙ্গুনিয়াসহ সারা দেশের সাধারণ মানুষ ও নেটিজেনরা নদী রক্ষায় তার এমন অনড় অবস্থানের ভূয়সী প্রশংসা করছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এমপি হুমাম কাদের চৌধুরী সড়ক যোগাযোগ পুনঃস্থাপন ও ভাঙন রোধে দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে সরফভাটা ও শিলক এলাকার ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তাও বিতরণ করেন তিনি। এ সময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গত কয়েকদিন ধরেই রাঙ্গুনিয়ার পাহাড় ধস ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুর্গতদের দ্বারে দ্বারে যাচ্ছেন হুমাম কাদের চৌধুরী এমপি। দুর্গত এলাকায় তাৎক্ষণিক সংস্কার উদ্যোগের পাশাপাশি মানুষের মাঝে অব্যাহতভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের পাশে বিজিএমইএ’র মানবিক সহায়তা অব্যাহত
পরবর্তী নিবন্ধখ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সায়েবা আক্তারের চেম্বার চালু হচ্ছে