নগরে ২৪ ঘণ্টার অভিযানে ৩৭৬ জন গ্রেপ্তার

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৭ হাজার ১৮৮ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৩ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ৬৫ জন ও সাজা পরোয়ানামূলে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে। তাদের সবাই মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯২ জন। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদক আইনে ৩০টি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১৭ হাজার ১৮৮ পিস ইয়াবা, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ১৭ লিটার চোলাই মদ, ৯৬ বোতল ফেয়ার ডিল সিরাপ, ছয় বোতল বিদেশি মদ ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ের একটি এলাকা এক মাস ধরে বিদ্যুৎহীন
পরবর্তী নিবন্ধগাছে ঝুলছিল শ্রমিকের লাশ